মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের সচেতনতায় উন্মোচিত হলো গাড়ি ছিনতাই চক্রের কারসাজি
দিনাজপুরের বিরামপুরে প্রাইভেট কার কেনাবেচার সময় ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন বিরামপুর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল (৫২) সে বিরামপুর পৌরশহরের চাঁদপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এছাড়াও বিরামপুর পৌরশহরের শিমুলতলী গ্রামের মৃত আঃ হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল (২৯), রংপুরের বালুয়া মাসুমপুর মিঠাপুকুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫২), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত তোতা মিয়ার ছেলে কামরুল হোসেন (৪১),একি এলাকার মৃত আম্বর আলীর ছেলে মাসুদ রানা অরফে শুভ (৩২)।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার গাজীপুর রূপগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। সোমবার বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় উক্ত ছিনতাইকৃত গাড়িটি ৯ লক্ষ টাকায় বিক্রির চেষ্টা চলছিল।
এ সময় গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া শেরপুরের মাইস্যা কার হাউসের প্রোপাইটর মোয়াজ্জেম হোসেন। তিনি সতর্কতার সঙ্গে বিআরটিএ’র মাধ্যমে গাড়িটির প্রকৃত মালিকানা যাচাই করে মালিককে অবহিত করেন। মালিক নিশ্চিত করেন যে, গাড়িটি শনিবারই ছিনতাই হয়েছিল।
পরবর্তীতে মোয়াজ্জেম হোসেনের তথ্য অনুসারে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জনকে আটক করে এবং গাড়িটি থানার হেফাজতে নেয়।
বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের তাৎক্ষণিক সতর্কতা ও সাহসিক পদক্ষেপের কারণে গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে বলে এলাকাবাসী মনে করছেন।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ছিনতাইকৃত গাড়ি ও আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।