
মোঃ আসিফুজ্জামান আসিফ:
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় বিমল রাজবংশী (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিমল রাজবংশীর সঙ্গে নারায়ণ রাজবংশীর ঝগড়া হয়। একপর্যায়ে নারায়ণ তাকে পিটিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বিমলকে বাঁচাতে গিয়ে শিল্পী রানী ও উশান্ত রাজবংশী নামের আরও দু’জন আহত হন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল মিয়া বলেন, হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।