লক্ষ্মীপুর জেলার ১৮০টি কমিউনিটি ক্লিনিকে সাড়ে তিন মাস ধরে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলার প্রান্তিক অঞ্চলের রোগীরা প্রয়োজনীয় সেবা না পেয়েই খালি হাতে বাড়ি ফিরছেন। স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিকে ওষুধ না পেয়ে কষ্টে আছেন গ্রামের অসচ্ছল পরিবারগুলো। অনেকেই কমিউনিটি ক্লিনিকের কার্যকারিতা নিয়েও এখন সমালোচনা করছেন।
প্রান্তিক অঞ্চলে নির্মিত হওয়া কমিউনিটি ক্লিনিকগুলো সাধারণত প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা দিয়ে থাকে; পাশাপাশি মা, নবজাতক ও অসুস্থ শিশুর সমন্বিত সেবা (আইএমসিআই), প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এবং সাধারণ আঘাতের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ শনাক্ত করে। বয়স্ক, কিশোর-কিশোরী ও প্রতিবন্ধীদের লক্ষণভিত্তিক চিকিৎসা ও পরামর্শও দেওয়া হয়। রোগীরা কমিউনিটি ক্লিনিক থেকে ২৭ ধরনের ওষুধ ছাড়াও শিশুদের পুষ্টিকণার প্যাকেট পান।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ বন্ধ থাকায় এখন রোগীদের ওষুধ দেওয়া হচ্ছে না। সাধারণত প্রতি তিন মাসে জেলা পর্যায়ে ওষুধ পাঠানো হয়। কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে ওষুধ আসা বন্ধ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে মজুত থাকা ওষুধ দিয়ে টেনেটুনে গত এপ্রিল মাস পর্যন্ত রোগীদের সেবা দেওয়া হয়েছে। এরপর আর রোগীরা ওষুধ পাননি। এ কারণে রোগীদের দুর্ভোগে পড়তে হয়েছে।