মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি:
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫ জন দুস্থ পুরুষ ও নারীর হাতে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেককে দুই বান্ডেল করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য প্রত্যাককে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার সবসময় প্রস্তুত। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫ জন প্রতিবন্ধী ও দুস্থকে এই সহায়তা দেওয়া হয়েছে, যাতে তারা নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হাইসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুর্যোগকালীন সময়ে পাশে দাঁড়ানোর জন্য উপকারভোগিরা প্রশাসন ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।